ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনাইয়ের ইফতার গেট-টুগেদার ২০২৬ অনুষ্ঠিত

124

ঢাকা, ১২ মার্চ ২০২৬ (বৃহস্পতিবার): মাহে রমজানের পবিত্রতা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফার্মেসি গ্রাজুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে “Iftar Get Together–2026” অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারের জল্পাই রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী ও ফার্মেসি পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ২০০৩ সালে প্রতিষ্ঠার পর থেকে সুনামের সাথে দেশের স্বাস্থ্যসেবায় দক্ষ ফার্মাসিস্ট তৈরির মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সচিব মোহাম্মদ মাহবুবুল হক। তিনি তার বক্তব্যে দেশের স্বাস্থ্যসেবায় ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অবদান তুলে ধরেন এবং বলেন, এই বিশ্ববিদ্যালয় দেশে প্রথমবারের মতো ফার্মাকোলজি বিষয়ে স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম চালুর মাধ্যমে অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি আরও জানান, ফার্মেসি কাউন্সিলের বিভিন্ন সেবা ডিজিটালাইজ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফার্ম ডি কার্যক্রম চালুর মাধ্যমে ভবিষ্যতে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা অতিরিক্ত দুই বছর শিক্ষা সম্পন্ন করলে ডক্টর অব ফার্মেসি (Pharm-D) ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পাশাপাশি তিনি ক্লিনিক্যাল ও হাসপাতাল খাতে ফার্মাসিস্টদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং সহযোগী অধ্যাপক ড. ফারহানা রেজওয়ান। তারা অ্যালামনাইদের ভূমিকা ও বিভাগের অগ্রগতিতে তাদের অবদান সম্পর্কে আলোকপাত করেন। অধ্যাপক ড. আমিরুল ইসলাম জানান, অদূর ভবিষ্যতে অ্যালামনাইদের নিয়ে বৃহৎ পরিসরে আরও একটি গেট-টুগেদারের আয়োজন করা হবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফার্মেসী বিভাগের অ্যালামনাই, বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের সভাপতি মো: আজিবুর রহমান, তিনি বলেন, বাংলাদেশের গ্রাজুয়েট ফার্মাসিস্টগন শুধু ওষুধ উৎপাদনেই নয়, দেশের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে সকল ক্ষেত্রে কাজ করে যেতে চায়। বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরাম সকল ক্ষেত্রে ফার্মাসিস্টদের অধিকার আদায় কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নিউ ইস্কাটনের দিলু রোডস্থ ছাতা মসজিদের ইমাম। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগের অ্যালামনাই মো. রেজাউল ইসলাম উৎসব।
পরিশেষে ইফতার মাহফিলের আহ্বায়ক মোহাম্মদ আরিফ খান উপস্থিত সকল অতিথি ও অ্যালামনাইদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ফার্মেসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন।
এই ইফতার আয়োজন শিক্ষক, অ্যালামনাই ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।