নিজস্ব প্রতিবেদক | PharmaNewsBD.com প্রকাশিতঃ ২৬ শে মার্চ ২০২৬।
২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (বিপিএফ) জাতীয় স্মৃতিসৌধে গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে জাতির সূর্যসন্তান শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
এ উপলক্ষে বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরামের দপ্তর সম্পাদক ফার্মাসিস্ট মোঃ এহসান আহমেদ জুয়েল এবং ফার্মাসিস্ট আব্দুল্লাহ আল মামুন-এর নেতৃত্বে বিপিএফ-এর সদস্যবৃন্দ, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে সমবেত হয়ে পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিপিএফ এর নেতৃবৃন্দ মনে করেন “মহান মুক্তিযুদ্ধের আত্মত্যাগ, দেশপ্রেম ও ঐক্যের চেতনা আমাদের প্রতিনিয়ত অনুপ্রাণিত করে।”
এ সময় বাংলাদেশ ফার্মাসিস্টস ফোরাম (বিপিএফ)-এর পক্ষ থেকে দেশের স্বাস্থ্যখাতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও তুলে ধরা হয়। সংগঠনটি নিরাপদ ও কার্যকর ওষুধ ব্যবহার নিশ্চিতকরণ, জনসচেতনতা বৃদ্ধি, ফার্মাসিস্টদের পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবামূলক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে বিপিএফ দেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে দেশের কল্যাণ, জনস্বাস্থ্য উন্নয়ন এবং জাতীয় অগ্রগতিতে অবদান রাখার লক্ষ্যে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।