সরকারি নিবন্ধন পেল বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশন

115

ঢাকা: বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের সংগঠন বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশন (বিপিএমএফ) ১৮৬০ সালের সমিতি নিবন্ধন আইনের অধীনে আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে নিবন্ধিত হয়েছে। সংগঠনটির নেতারা একে দেশের ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকারি নিবন্ধনের মাধ্যমে বিপিএমএফ এখন আরও প্রাতিষ্ঠানিকভাবে পেশাজীবীদের স্বার্থসংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও পেশাগত সহযোগিতা বৃদ্ধিতে কাজ করতে পারবে। একই সঙ্গে এটি দেশের ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টদের জন্য একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।

এ উপলক্ষে বিপিএমএফের আহ্বায়ক মনোজিৎকুমার রায় বলেন, “বাংলাদেশ ফার্মা মাইক্রোবায়োলজিস্টস ফাউন্ডেশন দেশের সকল ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টের অভিন্ন সংগঠন। পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মসংস্থানের সুযোগ, নেটওয়ার্কিং, কল্যাণমূলক উদ্যোগ এবং বৈজ্ঞানিক জ্ঞান ও পেশাগত উৎকর্ষ বিকাশে আমরা কাজ করতে চাই। একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ পেশাজীবী সমাজ গড়ে তুলতে সকল ফার্মাসিউটিক্যাল মাইক্রোবায়োলজিস্টকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাই।”

সংগঠনের নেতারা বলেন, এই নিবন্ধন অর্জনের পেছনে সদস্য, উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা এবং সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ অর্জনে অবদান রাখা সংশ্লিষ্ট সবার প্রতি তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া বিপিএমএফের পক্ষ থেকে সকল সদস্য, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।