আমার আব্বু আমাকে রেখে শেষমেশ চলেই গেলঃ অধ্যাপক আ ব ম ফারুক স্যার এর কনিষ্ঠ মেয়ে Farheen Faroque Ruchita

80

আব্বু, এক বছর আগে জীবনযুদ্ধ লড়তে আমি, তুমি আর আম্মু একসাথে Emirates-এর ফ্লাইটে করে নিউ ইয়র্ক গিয়েছিলাম। এবার সেই Emirates-এর ফ্লাইটেই পরাজিত সৈনিক হয়ে একসাথে ফিরে আসলাম আমরা তোমার প্রাণের দেশ বাংলাদেশে। পার্থক্যটা হলো, আমি আর আম্মু সেই seat-এই বসে আসলাম, কিন্তু তুমি আসলে একটা চারকোণা লম্বা বাক্সে শুয়ে।

বেঁচে থাকার যুদ্ধে তুমি পরাজিত হলেও, পৃথিবীর বুকে পদচিহ্ন রেখে যাওয়া এবং মানুষের মনে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার সাথে জায়গা করে নেওয়ায়, আব্বু, তুমি জয়ী। তুমি সবসময় বলেছো, “মানুষ বাঁচে তার কর্মের মধ্যে।” সত্যিই তাই! তুমি তোমার কর্মে বেঁচে থাকবে আমাদের সবার মাঝে।

আব্বু, তুমি অনেক সুন্দর একটা মানুষ। যেমন সুন্দর তোমার কথাবার্তা, আচার-ব্যবহার, চালচলন, ঠিক তেমনি সুন্দর তোমার মন, তোমার মুখ, তোমার হাসি। আমি সত্যিই অনেক ভাগ্যবান যে আমি তোমার ঘরে তোমার সন্তান হয়ে জন্ম নিয়েছি, তোমার সাথে জীবনের এতগুলো দিন পার করেছি। আমি সত্যিই বড় ভাগ্যবান আব্বু।
আব্বু, তুমি অনেক ভালো থেকো। দাদা-দাদিকে আমার সালাম দিও। তাদেরকে বলো, আমি তাদেরকে অনেক ভালোবাসি এবং অনেক ধন্যবাদ জানাই তোমার মতো একটা মানুষকে জন্ম দেওয়ার জন্য এবং এত সুন্দর শিক্ষা দিয়ে বড় করার জন্য। তাদের জন্যই আমি, আমরা তোমাকে পেয়েছি। তাদের জন্যই তুমি তুমি।
আল্লাহ তোমাকে অনেক ভালো রাখুক। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক। তুমি এখন সেই ছেলেবেলার ফারুক হয়ে বেহেশতের পুকুরে নিশ্চিন্তে মাছ ধরো, নাহলে মাঠে জাম্বুরা দিয়ে ফুটবল খেলো। দাদা-দাদির সেই ছোট্ট ফারুক হয়ে যাও।
আমি ভালো থাকবো, ভালো থাকার চেষ্টা করবো, এই ভেবে যে একদিন আমাদের দেখা হবে। তখন আমাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না। কোনো মরণ, কোনো ব্যাধি, কোনো কিচ্ছু না। আমি আর অসহায় অনুভব করবো না। তোমাকে হারানোর ভয় থাকবে না।
আমি আবার ছোট্টবেলার মতো শাড়ি পরে, মাথায় ফিতা দিয়ে তোমার হাত ধরে মেলায় যাব, আর তুমি আমাকে মাটির হাঁড়ি-পাতিল, বেলুন আর বুদবুদ কিনে দেবে। আমি আর অর্চি তোমাকে জড়িয়ে ধরে শার্লক হোমস, হ্য্যান্স ক্রিশ্চিয়ান আ্যন্ডারসন, দ্য গ্রিম ব্রাদার্স শুনতে শুনতে ঘুমাবো। একসাথে রবীন্দ্রসংগীত, শচীন দেব বর্মন, সলিল চোধুরি, হেমন্ত মুখোপাধ্যায় শুনবো। একসাথে ব্যাডমিন্টন খেলবো।
অনেক অনেক দোয়া আর ভালোবাসা তোমার জন্য, আব্বু। আমার কলিজার টুকরা আব্বু। আব্বু আমি তোমাকে অনেক ভালবাসি।

ভালো থেকো। আর মন খুলে নিশ্বাস নিও, আব্বু।