আ ব ম ফারুক ১৯৭৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ২০১৯ সালে বিশ্ববিদ্যালয়ের ওষুধপ্রযুক্তি বিভাগ থেকে অধ্যাপক পদে অবসর গ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও ওষুধপ্রযুক্তি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন ছিলেন। জাতীয় ওষুধনীতি ২০১৬ প্রণয়ন-সংক্রান্ত উপকমিটির আহ্বায়কও ছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল রিসার্চ সেন্টারের পরিচালক ছিলেন, বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের প্রভোস্ট হিসেবে দুইবার দায়িত্ব পালন করেন তিনি।
আ ব ম ফারুক বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য ছিলেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন আ ব ম ফারুক।
জনস্বাস্থ্য, ফার্মাসিউটিক্যাল সায়েন্স ও খাদ্যনিরাপত্তা বিষয়ে আ ব ম ফারুকের গবেষণা, জনসচেতনতামূলক কার্যক্রম ব্যাপকভাবে প্রশংসিত ও সমাদৃত। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি শিক্ষা, স্বাস্থ্য ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। শিক্ষা, গবেষণা, জনস্বাস্থ্য ও ফার্মেসি শিক্ষার ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ফার্মেসি ও স্বাস্থ্যসেবা অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁর মৃত্যুতে ফার্মাসিস্ট, শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাকরিজীবন শেষে তিনি সাউথইস্ট ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের অধ্যাপক ও সাইন্স এন্ড টেকনোলজি অনুসাদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। এছারাও তিনি ফার্মেসি গ্র্যাজুয়েটস অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিভিন্ন কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।